পাঁচ ম্যাচ থেকে আজীবন নির্বাসন! শ্রীলঙ্কার পেসারকে গুঁতো মারায় কী শাস্তি হতে পারে ভারতীয় ব্যাটার যশস্বীর

Spread the love

যশস্বী কী শাস্তি পাবেন, তা পুরোটাই নির্ভর করছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের উপর। খেলা শেষে পাইক্রফ্ট যে রিপোর্ট জমা দেবেন, সেখানে তিনি কী লিখবেন, সে দিকে তাকিয়ে সকলে।

চাপে যশস্বী জয়সবাল। যতই ভারতীয় দল তাঁর পাশে দাঁড়ান না কেন, বড় শাস্তি পেতে পারেন তিনি। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডোকে গুঁতো মারায় আজীবন নির্বাসিত হতে পারেন ভারতীয় ব্যাটার।

ক্রিকেট মাঠে কোনও ক্রিকেটারকে শারীরিক আঘাত করলে তাকে লেবেল ৪ অপরাধ হিসাবে গণ্য করা হতে পারে। আইসিসি-র নিয়মে বলা হয়েছে, কোনও ক্রিকেটার, আম্পায়ার, ম্যাচ রেফারি বা সাপোর্ট স্টাফকে শারীরিক আঘাত করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ২.১৮ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আবার আন্তর্জাতিক ম্যাচে হিংসার প্রদর্শন করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ২.১৯ ধারায় দোষী সাব্যস্ত করা হতে পারে।

আইসিসি-র নিয়মে বলা হয়েছে, লেবেল ৪ অপরাধ করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে পাঁচটি টেস্ট বা ১০টি এক দিনের ম্যাচ থেকে শুরু করে আজীবন নির্বাসিত করা হতে পারে। কিন্তু যদি ম্যাচ রেফারির মনে হয়, অনিচ্ছাকৃত ভাবে কোনও ক্রিকেটার অপর ক্রিকেটারকে আঘাত করেছেন, সে ক্ষেত্রে তাকে লেবেল ১ অপরাধ ধরে সংশ্লিষ্ট ক্রিকেটারের ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। তাঁকে ১ বা ২ ডি-মেরিট পয়েন্টও দেওয়া হতে পারে।

অর্থাৎ, যশস্বী কী শাস্তি পাবেন, তা পুরোটাই নির্ভর করছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের উপর। খেলা শেষে পাইক্রফ্ট যে রিপোর্ট জমা দেবেন, সেখানে তিনি কী লিখবেন, সে দিকে তাকিয়ে সকলে। শ্রীলঙ্কাও পুরো বিষয়টি পাইক্রফ্টের উপরেই ছেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *