১৭ অগস্ট হঠাৎই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা পড়ে। টাকার পরিমাণ দেখেই সামজাদ বুঝতে পারেন, এটি অন্নপূর্ণা যোজনার অনুদান।

মোবাইলে মেসেজটি দেখে বিস্মিত হয়েছিলেন বৃদ্ধ। তিনি দেখেন, ব্যাঙ্কের অ্যাকাউন্টে আচমকাই জমা পড়েছে ৩০০০ টাকা। বুঝতে পারেন, ওই টাকা আদতে পাওয়ার কথা কোনও মহিলার। অন্নপূর্ণা যোজনার অধীনে। তার পরেই চিন্তায় পড়েন সামজাদ শেখ। শেষমেশ সেই টাকা রাজ্য সরকারকে ফেরত দিতে সটান বিডিও অফিসের দ্বারস্থ হন তিনি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ-২ ব্লকের অন্তর্গত খড়কাঠি গ্রামের বাসিন্দা সামজাদ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে পূর্বতন রাজ্য সরকারের আমল থেকেই নিয়মিত প্রতিবন্ধী ভাতা পান তিনি। ১৭ অগস্ট হঠাৎই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা জমা পড়ে। টাকার পরিমাণ দেখেই সামজাদ বুঝতে পারেন, এটি অন্নপূর্ণা যোজনার অনুদান।
দেরি না করে সোজা স্থানীয় বিডিও অফিসে পৌঁছে যান তিনি। সেখানে গিয়ে কর্তাদের পুরো বিষয় জানিয়ে মোবাইলের মেসেজটি দেখান তিনি। বলেন, “আমি পুরুষ মানুষ, এই ভাতার জন্য আবেদনই করিনি। ফলে এই টাকা পাওয়ার কোনও অধিকার আমার নেই, তাই ফেরত দিতে এসেছি।” রঘুনাথগঞ্জ-২ এর বিডিও শুভময় মাঝি জানান, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারি নিয়ম মেনে ট্রেজ়ারি চালানের মাধ্যমে ওই টাকা পুনরায় সরকারি কোষাগারে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেশ কয়েক জন পুরুষ নিয়মিত পেতেন বলে অভিযোগ উঠেছে। ‘পুরুষ লক্ষ্মী’-র পরে এ বার খোঁজ মিলল ‘পুরুষ অন্নপূর্ণা’র! তবে টাকা পেয়ে নিজেই ফিরিয়েছেন সেই ব্যক্তি।