‘আরশোলারা’ ঘুরঘুর করতেই চাপে? স্কুল পরিকাঠামোয় একলপ্তে ১২,৫০০ কোটি অনুমোদন রাজস্থানের বিজেপি সরকারের

Spread the love

দেশ জুড়ে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে সিজেপি। সম্প্রতি সেই কর্মসূচিতে রাজস্থানেও যায় তারা। স্কুল পরিদর্শনে গিয়ে ‘হামলার’ মুখে পড়েছিলেন সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কংগ্রেসের সাঁড়াশি চাপের মাঝে এ বার সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করল রাজস্থান সরকার। স্কুলগুলির মানোন্নয়নের জন্য আগামী তিন বছরে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয় করবে তারা। আগামী মাসেই রাজস্থানে পুরসভার ভোট রয়েছে। তার আগে রাজস্থানের বিজেপি সরকারের এই কর্মপরিকল্পনা ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে ‘সাফল্যের’ পর দেশ জুড়ে নতুন অভিযানে নেমেছে সিজেপি। শুরু করেছে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি। সম্প্রতি সেই কর্মসূচিতে রাজস্থানের এক স্কুল পরিদর্শনে গিয়ে বাধা পান সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। ‘হামলার’ মুখে পড়েন তিনি। তা নিয়ে বিতর্কও হয়। স্কুল পরিকাঠামো নিয়ে বিধানসভায় সুর চড়ায় কংগ্রেসও। এ সবের মধ্যেই গত শনিবার সন্ধ্যায় নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করে রাজস্থান সরকার।

ঘটনাচক্রে, কয়েক দিন আগেই রাজস্থানের বিধানসভায় জানানো হয়, সে রাজ্যের ৬১১টি সরকারি স্কুলের কোনও নিজস্ব ভবন নেই। যদিও এর দায় পূর্বতন কংগ্রেস সরকারের দিকেই ঠেলছে তারা। বলা হয়, দু’হাজারের বেশি স্কুলে শৌচালয়ের সুবিধা নেই। পানীয় জলের বন্দোবস্ত নেই এক হাজারেরও বেশি স্কুলে। যদিও এই পরিকাঠামোগত অভাবের দায় পূর্বতন কংগ্রেস সরকারের দিকেই ঠেলছে বর্তমান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *